
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ১:৩৬

জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বাংলাবাজারের আল রিহাব পাবলিকেশনসের প্রকাশক ও মালিক হাবিবুর রহমান শামীমকে (৩২) উগ্রপন্থী বইসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে পুরান ঢাকা এলাকার ইসলামি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মামলায় গত ১৬ সেপ্টেম্বর এন্টি টেররিজম ইউনিটের অভিযানে মো. কাওসার আহাম্মেদ ওরফে মিলন ও জাহিদ মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতকাল শনিবার ডিএমপির সূত্রাপুর থানার বাংলাবাজারের ইসলামী মার্কেট এলাকার রিহাব পাবলিকেশন্সে অভিযান পরিচালনা করে মো. হাবিবুর রহমান ওরফে শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকালে এন্টি টেররিজম ইউনিট তার নিকট থেকে তিনটি মোবাইল ফোন এবং তার প্রকাশনা সংস্থা থেকে বিপুল পরিমাণে উগ্রপন্থী বই জব্দ করেছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

এটিইউ এর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, ‘ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থেকে বৃহস্পতিবার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কাওসার আহাম্মেদ ওরফে মিলনকে গ্রেপ্তার করা হয়। কাওসারের দেওয়া তথ্যের ভিত্তিতে হাবিরুরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ধর্মীয় বইয়ের প্রকাশনা আল রিহাব পাবলিকেশনসের মালিক। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াই হাজারের মোহনপুর। তিনি ২০১৬ সালে প্রকাশনা সংস্থাটি চালু করেন।’
কোনো ট্যাগ পাওয়া যায়নি
তিনি কীভাবে জঙ্গিবাদে জড়ালেন জানতে চাইলে আসলাম খান বলেন, আনসারুল্লাহ বাংলাটিমের আধ্যাত্মিক নেতা কারাবন্দী জসীম উদ্দিন রাহমানীর সহযোগী ফিরোজ আল রিহাব কিছু বই প্রকাশের জন্য হাবিবুর রহমানকে দেন। তার প্রকাশনা থেকে বইগুলো প্রকাশ ও বিক্রির ফলে মুফতি জসীম উদ্দিন রাহমানীর মতাদর্শে অনুপ্রাণিত হন। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এরপর তিনি জসীম উদ্দিন রাহমানীর উগ্রবাদী বই ছাড়াও ‘গাজওয়াতুল হিন্দ’, ‘জেগে ওঠো হে উম্মাহ’, ‘সত্যের সন্ধানে হে যুবক’, ‘দাজ্জাল আসছে সতর্ক হও’, ‘গণতন্ত্রের অসারতা ও ধ্বংসলীলা’সহ বিভিন্ন উগ্রপন্থী বই গোপনে প্রকাশ ও বিক্রি করতেন।
তার উগ্রবাদের ধরন সম্পর্কে আসলাম খান বলেন, হাবিরুরের কাজ ছিল উগ্রবাদী বই প্রকাশ ও প্রচার করা। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।