মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আজ সোমবার (১৯ অক্টোবর) পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেওয়ার কথা রয়েছে তাঁর।
সোমবার সকালে নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ইশরাক। পোস্টে তিনি লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’
পদত্যাগের ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উচ্ছ্বাস প্রকাশের বিষয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশে অবস্থানরত ব্যক্তিরা দেশে ফিরে তাতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন ইশরাক।
তিনি আরও জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। মাদক নির্মূলের পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফর করবেন বলে জানান ইশরাক। তাঁর বক্তব্যে মাদকবিরোধী কার্যক্রম ও সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
ফেসবুক পোস্টের শেষে তিনি লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’
জাতীয় প্রেস ক্লাবে দুপুর ২টার সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে তাঁর চূড়ান্ত বক্তব্য দেওয়ার কথা রয়েছে।