
প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ৪:৪৩

রাজবাড়ীর গোয়ালন্দে ৪গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর জামতলা এলাকা থেকে মো. মাসুদ রানা (৩৫) ও মো. আলতাব শেখকে (৩২) গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো পৌরসভা ৫নং ওয়ার্ড বেপারী পাড়া এলাকার মৃত কোরবান আলী বেপারীর ছেলে মো. মাসুদ রানা, রাজবাড়ীর কালুখালীর ব্রীগোপালপুর এলাকার মৃত লুৎফর শেখের ছেলে মো. আলতাব শেখ। এসময় সেখান থেকে পালিয়ে যায় গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকার অজ্ঞাতের ছেলে আলমাছ (৩৫)।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মোজাম্মেল হক, এসআই মো. মামুন মিয়া, এসআই দেওয়ান শামীম খাঁন সঙ্গীয় ফোর্সসহ গোয়ালন্দ পৌরসভার জামতলা এলাকায় অভিযান চালিয়ে ৪গ্রাম হেরোইনসহ মাসুদ রানা ও আলতাবকে গ্রেপ্তার করে। এসময় আলমাছ নামের এক মাদক কারবারি সেখান থেকে পালিয়ে যায়।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার রাজবাড়ী বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামী আলমাছকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
