
প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ২৩:২৮

নওগাঁর ধামইরহাটে খোলা বাজারে (ওএমএস কর্মসূচী) চাল ও আট বিক্রি শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় এ কর্মসূচী চালু হয়। এতে চলতি লকডাউনের কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষ বেশ উপকৃত হচ্ছেন।এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.আতাউর রহমান বলেন,চলতি লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষ যাতে সহজে সরকারিভাবে সুলভ মূল্যে খোলা বাজারে চাল ও আটা পেতে পারে সেজন্য এ কর্মসূচী চালু করা হয়েছে।
আগামী ৫ আগষ্ট চলতি লকডাউন পর্যন্ত এ কর্মসূচী চলবে। ধামইরহাট বাজার,উপজেলা ক্যান্টিন ও আমাইতাড়া বাজার এই তিনটি পয়েন্টে এ কর্মসূূচী শুক্রবার বাদে প্রত্যেক দিন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। একজন মানুষ ৩০ টাকা দলে ৫ কেজি চাল এবং ১৮ টাকা দরে ৫ কেজি আটা ক্রয় করতে পারবেন।
এজন্য তিনজন ডিলার নিয়োগ করা হয়েছে। প্রত্যেক ডিলার প্রতিদিন ১ হাজার ৫শত কেজি চাল এবং এক হাজার কেজি আটা বিক্রি করতে পারবেন। সঠিকভাবে এ কর্মসূচী পরিচালনার জন্য তিনজন তদারকি কর্মকর্তাকে নিয়োগ করা হয়েছে। উপজেলা ক্যান্টিন চত্ত্বরের ওএমএস ডিলার মো.রেজাউল করিম বলেন,চাল ও আটার মান ভালো হওয়ার খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া মানুষের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।


ধামইরহাট পৌরসভার মঙ্গলকোঠা গ্রামের চটপটি বিক্রেতা ফারুক হোসেন বলেন,লকডাউনে তিনি কর্মহীন হয়ে পড়েছেন। স্বল্পমূল্যে চাল ও আটা পেয়ে বেশ উপকৃত হয়েছেন। একই গ্রামের রোকছানা বলেন,আমরা গবীর মানুষ। কাজকর্ম না থাকায় পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছি। খোলা বাজারে কমমূল্যে চাল পেয়ে খুবই খুশি। এ কর্মসূচী যাতে অব্যাহত রাখার জন্য তিনি সরকারের কাছে জোর দাবী জানান।