রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা ও জয়পুরহাটসহ আশপাশের এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ সময় কিছু স্থানে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
অন্যদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় দুএক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। তবে সব জেলায় সমানভাবে বৃষ্টি নাও হতে পারে বলে উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, তীব্র বজ্রপাতের ঝুঁকি থাকায় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে খোলা মাঠ, নদী বা উঁচু স্থানে অবস্থান না করতে এবং ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুম পরিবর্তনের সময় হওয়ায় দেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টি দেখা দিতে পারে।