মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইনে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই উদ্যোগের কথা জানিয়েছে।
রোববার (১৫ মার্চ) দূতাবাসের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাহরাইনের জাতীয় বিমান সংস্থা গাল্ফ এয়ারের মাধ্যমে এই বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি দেশে ফিরতে না পেরে সেখানে আটকা পড়েছেন।
দূতাবাস জানায়, বিশেষ ফ্লাইটটি বাহরাইন থেকে প্রথমে সৌদি আরবের দাম্মাম শহরে যাবে। সেখান থেকে যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। ফলে যাত্রীদের বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাসে করে নেওয়া হবে এবং প্রয়োজনীয় সৌদি ট্রানজিট অনুমতির ব্যবস্থাও করা হবে।
এই বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের ফেসবুক পাতায় দেওয়া নির্ধারিত গুগল ফরম পূরণ করে নিবন্ধন করতে বলা হয়েছে। নিবন্ধনের ভিত্তিতেই যাত্রীদের তালিকা প্রস্তুত করা হবে।
দূতাবাস আরও জানায়, ফ্লাইটে আসন পাওয়া সম্পূর্ণভাবে গাল্ফ এয়ার কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে।
প্রতি আসনের ভাড়া আনুমানিক ৩০০ বাহরাইনি দিনার নির্ধারণ করা হয়েছে। এই ভাড়ার মধ্যেই বাহরাইন থেকে দাম্মাম পর্যন্ত বাস যাতায়াত এবং সৌদি আরবের ট্রানজিট অনুমতির প্রয়োজনীয় খরচ অন্তর্ভুক্ত থাকবে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, আগামী ২০ মার্চ অথবা তার কাছাকাছি কোনো দিনে ফ্লাইট পরিচালনার সম্ভাবনা রয়েছে। আগ্রহী প্রবাসীদের আগামী ১৬ মার্চ সকাল ১০টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।