
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুকূলে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবী ব্যারিস্টার স্টিভেন পওলস্ কেসি। নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শক দাবি করে সোমবার (৯ নভেম্বর) ই-মেইলে চিঠিটি পাঠান তিনি। তবে তাকে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে, নাকি বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবে নিয়োগ দিয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো নথি পাওয়া যায়নি। একই সঙ্গে আইনি লড়াইয়ের ব্যয়ভার কে বহন করছেন এবং অর্থের উৎস কী, সে বিষয়েও স্পষ্ট তথ্য প্রকাশিত হয়নি।
