প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামায়াত ও তাদের মিত্র জোট সংসদে বিরোধী দলের নেতৃত্বের নাম চূড়ান্ত করেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে জানানো হয়, সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
একই সঙ্গে বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এছাড়া সংসদে বিরোধী দলীয় হুইপ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টার পর শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেন জামায়াত ও জোটের নবনির্বাচিত সদস্যরা।

শপথ গ্রহণ শেষে বিরোধী দলীয় নেতার মনোনয়ন সংক্রান্ত চিঠি স্পিকারের দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংসদে কার্যকর বিরোধী দল হিসেবে ভূমিকা পালন এবং জনগণের দাবি আদায়ে রাজপথের পাশাপাশি সংসদেও সরব থাকার অঙ্গীকার করেছেন জোটের শীর্ষ নেতারা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
উল্লেখ্য, জামায়াত জোটের শপথ গ্রহণ নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে নানা অনিশ্চয়তা ও আলোচনা চলছিল। সংবিধান সংস্কারসহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিএনপি জোটের সংসদ সদস্যরা শপথ না নেওয়া পর্যন্ত জামায়াতও শপথ নেবে না বলে আগে জানিয়েছিলেন ডা. তাহের।
তবে মঙ্গলবার সকালে সংসদ ভবনে জোটের নবনির্বাচিত সদস্যদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর দেশের বর্তমান পরিস্থিতি এবং সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।