প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭

কুমিল্লা-১১ আসনের ১১-দলীয় ঐক্যের জামায়াত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট প্রদান করেছেন। ভোট শেষে তিনি সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এসময় তিনি নির্বাচন পরিস্থিতি সম্পর্কে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।
ডা. তাহের বলেন, সারাদেশ থেকে পাওয়া খবর অনুযায়ী নির্বাচন মোটামুটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। দুই-চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো সমস্যা দেখা যায়নি বলে জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, এভাবেই নির্বাচন চলতে থাকলে জনগণের প্রত্যাশিত একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ের আশা রাখে উল্লেখ করে ডা. তাহের বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র না হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনে যেকোনো ফলাফলই জামায়াতে ইসলামী মেনে নেবে। জনগণের সিদ্ধান্তকে সম্মান জানানোই তাদের অবস্থান বলে জানান তিনি।
ডা. তাহের সতর্ক করে বলেন, যদি নির্বাচন নিয়ে কোনো গভীর ষড়যন্ত্র হয়, তবে তা দেশের জন্য অকল্যাণ বয়ে আনবে এবং দেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে।

এদিকে তিনি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথাও উল্লেখ করেন এবং প্রায় ৭০ শতাংশ ভোট কাস্টিং-এর আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের ব্যাপক উপস্থিতিই একটি সুষ্ঠু নির্বাচনের প্রধান ভিত্তি।