
প্রকাশ: ৮ এপ্রিল ২০২২, ১:৩

দফায় দফায় কয়েক দফা সম্মেলনের তারিখ নির্ধারিত হলেও নানান জল্পনা কল্পনায় থেমে গেছে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে গাংনী উপজেলা আওয়ামী লীগে নতুন নেতৃত্বের স্বাদ পায়নি নেতাকর্মীরা। সর্বশেষে গত ২০-শে মার্চ নির্ধারিত হয়েছিল সম্মেলনের তারিখ। কিন্তু দলের কেন্দ্রীয় নির্দেশনায় স্থগিত হয়ে যায় সেই তারিখও।
পরবর্তীতে মেহেরপুর সার্কিট হাউসে এসে পুনরায় দলীয় সম্মেলনের তারিখ নির্ধারন করেন আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল। আগামী পরশুদিন (১০ এপ্রিল) রবিবার গাংনী শহরের পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে দীর্ঘ প্রায় ১৮ বছর পর নতুন কমিটি আসতে যাচ্ছে।
এই ১০ এপ্রিলেই স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগরখ্যাত মেহেরপুরের (আম্রকাননে) গঠিত হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম অস্থায়ী মুজিবনগর সরকার। তাই একই দিনে আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারিত হওয়ায় নানান ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে আওয়ামী লীগের গাংনী উপজেলা শাখার নেতাকর্মীদের মধ্যে।

সম্মেলনকে ঘিরে অনেকেই স্বপ্ন দেখছেন নতুন নেতৃত্বের আবার অনেকেই মনে করছেন বর্তমান নেতৃত্ব পুনরায় আসলে দলে বেগবান হবে। সম্মেলনকে ঘিরে উপজেলা জুড়ে সাজসজ্জা বেড়েছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের অভ্যর্থনা জানানোর জন্য নির্মীত হয়েছে অস্থায়ী স্বাগত গেট। তবে অনেকেই আশংকার মধ্যে রয়েছে পুনরায় যাতে সম্মেলনের তারিখ পরিবর্তন না হয়।

আগামী ১০ এপ্রিলের সম্মেলনে গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে রয়েছে বর্তমান সভাপতি ও সাংসদ সাহিদুজ্জামান খোকন, প্রবীন আওয়ামী লীগ নেত্রী ও সমাজসেবক নুরজাহান বেগম, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সাবেক ছাত্রনেতা ডা. এএসএম নাজমুল হক সাগর সহ বেশ কয়েকজন।
সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. একেএম শফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সাবেক ছাত্রনেতা ও জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান এ্যাড. রাশেদুল হক জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনসহ বেশ কয়েকজন।