
প্রকাশ: ১৮ মার্চ ২০২০, ১৮:৬

সড়ক ও জনপদ বিভাগের (সওজ) কর্মকর্তা ফজলে রব্বের বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে দুই কোটি ১৩ লাখ টাকার বেশি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ইস্কাটন শাখার অ্যাকাউন্টে এই অবৈধ লেনদেন হয় ২০১৫ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত পাঁচ বছরে।মোটা অঙ্কের টাকা বিভিন্ন সময় ‘ফ’ আদ্যক্ষরের ওই বান্ধবীর ব্যাংক হিসাবে ঢুকলেও সেই টাকা তুলেছেন অন্য একাধিক ব্যক্তি। এর মধ্যে রয়েছে সওজ কর্মকর্তা ফজলে রব্বে, তার ভাই ফজলে নেওয়াজ, বান্ধবীর ভাই ফয়সাল, মামা শাহিদুল ইসলাম ও খালাতো বোন রিমা। বিভিন্ন সময় চেক ও কার্ডের মাধ্যমে এই টাকা উত্তোলন করা হয়।
অনুসন্ধানে দেখা যায়, ইউসিবিএলের ইস্কাটন শাখার ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয় ২০১৪ সালের ২০ জুন। তখন ওই অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল ৫৫ হাজার ৬০০ টাকা। প্রথম বছর তেমন লেনদেন না হলেও পরের বছরের (২০১৫ সাল) ১২ এপ্রিল ওই অ্যাকাউন্টে জমা পড়ে সাড়ে ৯ লাখ টাকা। এক দিন পর জমা পড়ে পাঁচ লাখ ২০ হাজার টাকা। এই লেনদেনের এক মাসের কম সময়ে আবার জমা পড়ে ১ লাখ টাকা।