
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯, ২১:৩৩

দুই মাসের বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিজিএমইএ'র নতুন ভবন ঘেরাও করে রেখেছেন সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উত্তরায় অবস্থিত বিজিএমইএ'র নতুন ভবনের সামনে অবস্থান নেন শ্রমিকরা। এর আগে, সকালে আশুলিয়ার বেলমায় অবস্থিত ‘ট্রেন্ডি আউটওয়্যার লিমিটেড’ কারখানার প্রায় ৭০০ শ্রমিক হেঁটে বিজিএমইএ ভবনের উদ্দেশে রওনা দেন। এসময় মিরপুর-চারাবাগ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে এ সড়কে চলাচলরত যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
এ বিষয়ে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সফিউর ইসলাম সুলতান বলেন, এই কারখানাটিতে এর আগেও বেতন নিয়ে ঝামেলা হয়েছে। সেসময় কারখানা কর্তৃপক্ষ একটা সময় চেয়েছে আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে সময়ও দিয়েছি। গতকাল বেতন দেওয়ার কথা থাকলে কারখানা কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিয়েছে। তাই বেতনের দাবিতে আমরা সবাই মিলে বিজিএমইএ ভবনে এসেছি। বেতন না পাওয়া পর্যন্ত এই ভবন থেকে কোথাও যাবো না।

এ ব্যাপারে কারখানার জনপ্রশাসন কর্মকর্তা নরুল ইসলাম সুজন বলেন, বিষয়টি নিয়ে আমাদের মালিকও অনেক ঝামেলায় আছেন। তাই কারখানা আরও তিনদিন ছুটি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে মালিকের সঙ্গে কথা বলেছি। তিনি আগামী বুধবার (৩০ অক্টোবর) এর আগে কোনোভাবেই বকেয়া পরিশোধ করতে পারবেন না।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব