দেশে জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করার আহ্বান জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৩ মার্চ) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের উদ্দেশ্যে তার আহ্বান—কেউ যেন অযথা আতঙ্কিত না হন। দেশে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ রয়েছে এবং সরকার নিয়মিত সরবরাহ নিশ্চিত করছে। তাই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও জানান, ভর্তুকি দিয়ে হলেও সরকার জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক বাজারের চাপ থাকা সত্ত্বেও সাধারণ মানুষের কথা বিবেচনা করে দেশে তেলের দাম বাড়ানো হয়নি। তিনি বলেন, জনগণ যদি সহযোগিতা করে, তাহলে কোনো সংকট তৈরি হবে না।
সরকারের পক্ষ থেকে তেল সরবরাহ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্যমতে, গত বছরের তুলনায় দেশে প্রায় ২৫ শতাংশ বেশি জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। ফলে সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষ্যে দুদিন তেল সরবরাহ কার্যক্রম বন্ধ থাকায় সাময়িক কিছু চাপ তৈরি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে এবং সরবরাহ স্বাভাবিক গতিতে চলছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের সম্মিলিত প্রচেষ্টায় এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।