গোপালগঞ্জ ও ফেনী জেলায় পুলিশ সুপার পদে রদবদল করেছে সরকার। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে এবং ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে পুলিশ সুপার পদে এই রদবদলের দিনেই গোপালগঞ্জ শহরে রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন। এ সময় কয়েকটি স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। আতঙ্কে শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশের দাবি, বাহিনীর তৎপরতার কারণে এ ঘটনায় জানমালের কোনো ক্ষতি হয়নি।
এর আগে শনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পরদিনই দুই জেলার পুলিশ সুপার পদে রদবদলের প্রজ্ঞাপন জারি করা হলো।