ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিপূর্ণ ইউনিট-২ পুনরায় চালু হয়েছে। আদানি কর্তৃপক্ষ আজ সকাল সাড়ে ১১টায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রটির ইউনিট-২ সফলভাবে সকাল ৫টা ১৭ মিনিটে চালু করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই আজ সকাল সাড়ে ১১টার মধ্যে ইউনিটটির সিঙ্ক্রোনাইজেশন সম্পন্ন হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
সিঙ্ক্রোনাইজেশন শেষ হলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরবে বলে জানানো হয়েছে। কর্তৃপক্ষের প্রত্যাশা অনুযায়ী, সিঙ্ক্রোনাইজেশন নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হলে আজ দুপুরের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।