
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭) ও মাইক্রোবাসচালক মুন্না (৪০) রয়েছেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রীবাহী মাইক্রোবাসটি কক্সবাজারের ঈদগাহের উদ্দেশে রওনা দেয়।
রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে মাইক্রোবাসটি শিকলবাহা চৌমুহনী এলাকায় পৌঁছালে ইউটার্ন নেওয়া একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা হতাহত হন।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিপতা মারা যান। গুরুতর আহতদের স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাসচালক মুন্নাসহ আরও দুজনের মৃত্যু হয়। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারজনে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।