প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৬:৪৩

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে-স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের কাজ এগিয়ে চলছে। বিষয়টি চূড়ান্ত পর্যায়ে থাকায় শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।
মুখ্য সচিব জানান, দীর্ঘ ১১ বছর নতুন পে-স্কেল না হওয়ায় প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী মূল্যস্ফীতির চাপে রয়েছেন। তাদের জীবনযাত্রার ব্যয় ও বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বেতন কাঠামোর সমন্বয় প্রয়োজন।
তিনি বলেন, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি সরকারের জন্যও একটি বড় আর্থিক চ্যালেঞ্জ। জনগণের ওপর এর প্রভাব থাকলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সরকারের প্রধান চ্যালেঞ্জ হিসেবে অর্থনৈতিক সংকটের কথাও তুলে ধরেন তিনি। এ পরিস্থিতি মোকাবিলায় কর্মসংস্থান বাড়ানো, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনীতিকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

জ্বালানি খাতের সংকট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং আগের সরকারের সময় বিকল্প ব্যবস্থা যথেষ্ট না থাকায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে বহুমুখী সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে। রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে জ্বালানি ও সংশ্লিষ্ট সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এদিকে মন্ত্রিসভায় সম্ভাব্য রদবদল নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মুখ্য সচিব। তিনি জানান, মন্ত্রিসভায় পরিবর্তনের বিষয়টি মূলত রাজনৈতিক সিদ্ধান্ত। তবে নতুন পে-স্কেলসহ অর্থনীতি ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার কাজ অব্যাহত রয়েছে।