প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং ষাটের দশকের ছাত্রনেতা অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগের তারিখ থেকে আগামী পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন না। তবে তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণা সংস্থার সঙ্গে সম্পৃক্ত থেকে নিজের পছন্দের বিষয়ে গবেষণা পরিচালনা করতে পারবেন।
এ ক্ষেত্রে গবেষণার বিষয় ও ক্ষেত্র সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অবহিত করতে হবে। এছাড়া তিনি যে শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণা সংস্থার সঙ্গে যুক্ত থাকবেন, সেখানে পরিচালিত শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বার্ষিক অগ্রগতি প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে জমা দিতে হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, গবেষণালব্ধ ফলাফল শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে পাঠাতে হবে। জাতীয় অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫-এর গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা ভোগ করবেন।
তবে এই সময়ে তিনি অন্য কোনো বেতনভুক্ত চাকরিতে যুক্ত হতে পারবেন না। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে তার দীর্ঘ অভিজ্ঞতা এবং অবদানকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া হলো।