
প্রকাশ: ৭ জুলাই ২০২৬, ১৩:৯

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে জাতিসংঘের পরিচালনাগত সহায়তা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের দ্বিপাক্ষিক বৈঠকে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা আরও সম্প্রসারণ ও সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্যদের প্রতিপূরণ প্রক্রিয়া সহজতর করতে জাতিসংঘের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে মিশন এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তার জন্য সংশ্লিষ্ট বিভাগকেও ধন্যবাদ জানান তিনি।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের পরিবেশগত প্রভাব কমাতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপনে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার আরও বিস্তৃত করতে জাতিসংঘের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।
বৈঠকে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মসূচি বাস্তবায়নের ওপরও জোর দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারী শান্তিরক্ষীদের জন্য নিরাপদ ও উপযোগী অবকাঠামো গড়ে তুলতে আরও বিনিয়োগ প্রয়োজন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে শান্তিরক্ষীদের কার্যকারিতা বাড়াতে উন্নত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হাইতির বর্তমান নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পুলিশের তিনটি বিশেষায়িত সশস্ত্র পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতির বিষয়টিও আলোচনায় উঠে আসে। এসব ইউনিট সন্ত্রাস দমন, দ্রুত প্রতিক্রিয়া, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ, অপরাধ তদন্ত, নৌ-অভিযান ও মাদকবিরোধী কার্যক্রম পরিচালনায় দক্ষ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে আগামী ১৫ থেকে ১৭ জুলাই জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের প্রতিনিধি দল বিস্তারিত আলোচনায় অংশ নেবে বলেও তিনি জানান।
বৈঠকে অতুল খারে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের পেশাদারিত্ব, সাহসিকতা ও শৃঙ্খলার প্রশংসা করেন। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের উদ্যোগ এবং হাইতিতে বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে দুই পক্ষের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।