সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি, তা থ্রিডি কিংবা অন্য যেকোনো আঙ্গিকেই হোক না কেন, ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, সরকারি অনুষ্ঠানের প্রচারসামগ্রী তৈরির সময় অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, মূল বার্তা এবং বিষয়বস্তু স্পষ্টভাবে ফুটে ওঠে।
সরকারের নির্দেশনায় বলা হয়েছে, প্রচারসামগ্রীর নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে তা তথ্যসমৃদ্ধ, সুশৃঙ্খল এবং সহজবোধ্য হয়। অপ্রয়োজনীয় উপস্থাপনা বা ব্যক্তিকেন্দ্রিক প্রচারের পরিবর্তে সংশ্লিষ্ট কর্মসূচির মূল লক্ষ্য ও বার্তা জনগণের কাছে পরিষ্কারভাবে পৌঁছে দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্রে আরও জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্দেশনাগুলো অনতিবিলম্বে কার্যকর হবে এবং সরকারি সব দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা অনুসরণ করতে হবে।