রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সকাল সোয়া ৯টার দিকে স্পারসোর কার্যালয়ে পৌঁছে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন। স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, গবেষণা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে প্রধানমন্ত্রীকে উপস্থাপন করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের গবেষণা, উদ্ভাবন এবং মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তির বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে উপস্থাপনাগুলো শোনেন এবং বিভিন্ন বিষয়ে তাৎক্ষণিক মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যাতে জাতীয় নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ সংরক্ষণ, ভূমি ব্যবস্থাপনা এবং উন্নয়ন পরিকল্পনায় প্রতিষ্ঠানটি আরও কার্যকর অবদান রাখতে পারে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের গবেষণার মান উন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের উদ্ভাবনী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের মহাকাশ বিজ্ঞান ও উপগ্রহ প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণেরও নির্দেশ দেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও বাস্তব প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।