প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডার মতো বানানোর লক্ষ্য নয়, বরং একটি ‘বেটার বাংলাদেশ’ গড়াই তাদের লক্ষ্য। শনিবার রাতে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, কানাডা বানিয়ে ফেলবো বা অন্য কোনো দেশের মতো বানাবো। আমি বাংলাদেশকে অন্য কিছু বানাতে চাই না, আমি চাই বাংলাদেশকে একটু বেটার বানাতে।’ তিনি আরও বলেন, এই উন্নয়ন এককভাবে সরকারের পক্ষে সম্ভব নয়, এর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি দেশের উন্নয়ন ও পরিবর্তনের জন্য জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান। তার মতে, সমন্বিত প্রচেষ্টা ছাড়া দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব নয়।
কক্সবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন শহর, যা বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জন্য পরিচিত। তিনি বলেন, শহরের পরিচিতি আরও বৃদ্ধি করতে স্থানীয়দের ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার ওপর জোর দেন। একই সঙ্গে যানবাহন চলাচলে শৃঙ্খলা, ট্রাফিক নিয়ম মেনে চলা এবং নিরাপদ হাঁটার পরিবেশ তৈরির আহ্বান জানান।