রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বরে চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর আফতাবনগরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে চলছে। লক্ষ্য বাস্তবায়নের জন্য হাতে খুব বেশি সময় নেই, তাই সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই ইউনিটটি চালু করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সেই তুলনায় বিতরণ ব্যবস্থার উন্নয়ন হয়নি। এর ফলে অনেক এলাকায় উৎপাদন ও সঞ্চালন স্বাভাবিক থাকলেও গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন না।
মন্ত্রী জানান, বিদ্যুৎ খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায় নিয়ে পিজিসিবির কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থার সব স্তরে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি আশা প্রকাশ করেন, উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বিত উন্নয়নের মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতকে আরও কার্যকর ও জনবান্ধব করা সম্ভব হবে।