পুলিশের অপারেশনাল কার্যক্রম আরও জোরদার করতে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।
বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রমের জন্য এসব যানবাহন কেনা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উত্থাপিত প্রস্তাবে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করার অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, ২১২টি ডাবল কেবিন পিকআপ সরবরাহ করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে ১৮২ কোটি ৩২ লাখ টাকার ক্রয়চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম, অপরাধ দমন এবং জরুরি অভিযানে পুলিশের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই যানবাহন কেনা হচ্ছে।
নতুন পিকআপ যুক্ত হলে পুলিশের মাঠপর্যায়ের চলাচল আরও সহজ হবে এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশেষ করে দুর্গম ও গ্রামীণ এলাকায় টহল কার্যক্রম আরও কার্যকর হবে।
সরকার বলছে, আধুনিক ও পর্যাপ্ত যানবাহন না থাকায় অনেক সময় মাঠপর্যায়ের কার্যক্রমে সীমাবদ্ধতা দেখা দেয়। এই সিদ্ধান্তের মাধ্যমে সেই ঘাটতি পূরণ হবে বলে মনে করা হচ্ছে।