রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (১ জুন) সকাল পৌনে ৮টার দিকে প্রিজনভ্যানে করে তাদের আদালতে আনা হয়।
পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। আসামিদের উপস্থিতিতে আজ ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে রামিসা বাসা থেকে বের হলে সোহেল রানা তাকে কৌশলে ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যায়। পরে স্কুলে যাওয়ার সময় তাকে খুঁজতে গিয়ে আসামিদের কক্ষের সামনে রামিসার জুতা দেখতে পান তার মা। ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে অন্যদের নিয়ে কক্ষে প্রবেশ করলে তারা রামিসার মাথাবিহীন মরদেহ এবং একটি বালতির মধ্যে তার মাথা দেখতে পান। এ সময় স্বপ্না সেখানে উপস্থিত ছিলেন।