বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, যতদিন পর্যন্ত সরকার সেনাবাহিনীকে প্রয়োজন মনে করবে, ততদিন পর্যন্ত সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করে যাবেন।
বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাস এ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে সেনাবাহিনী ২০২৪ সালের ২০ জুলাই থেকে মাঠে কাজ করছে এবং এখনো দেশের ৬২টি জেলায় প্রায় ১৬ থেকে ১৭ হাজার সেনাসদস্য মোতায়েন রয়েছেন। যদিও অনেক সেনাসদস্যকে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে, তবুও এখনো পুরোপুরি সেনা প্রত্যাহার সম্পন্ন হয়নি।
তিনি আশা প্রকাশ করে বলেন, কিছু সময়ের মধ্যে সবাই ব্যারাকে ফিরে যেতে পারবেন। তবে দেশের প্রয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে সেনাবাহিনীকে ভবিষ্যতেও সরকারকে সহায়তা করতে হতে পারে। বর্তমানে জ্বালানি ডিপোগুলোতেও সেনা মোতায়েন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে যুদ্ধের প্রস্তুতি বজায় রাখা। দীর্ঘদিন মাঠে দায়িত্ব পালনের কারণে নিয়মিত প্রশিক্ষণে কিছুটা ব্যাঘাত ঘটলেও এখন ধীরে ধীরে ট্রেনিং কার্যক্রম পুনরায় শুরু করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে সেনাপ্রধান বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন।