ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের অধীনে প্রথমবারের মতো চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামী রোববার (৩ মে)। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এ সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত।
মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই সম্মেলনে মোট ৩৪টি অধিবেশনে প্রশাসন, উন্নয়ন ও নীতিনির্ধারণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা সম্মেলনের জন্য মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাঠিয়েছেন। এর মধ্য থেকে বাছাই করা ৪৯৮টি প্রস্তাব নিয়ে সরকারের নীতিনির্ধারকেরা বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।
রোববার সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অধিবেশন শেষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন।
প্রথম দিনের আলোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয়সহ স্বাস্থ্য, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত থাকবে। দিন শেষে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা হবে এবং জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে মতবিনিময় করবেন ডিসিরা। তৃতীয় দিনে বিদ্যুৎ, জ্বালানি, সশস্ত্র বাহিনী বিভাগ, নির্বাচন কমিশন ও বিচার বিভাগ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ নির্ধারিত রয়েছে।
সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ প্রশাসনিক সংস্কার বিষয়ে আলোচনা হবে। রাতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সম্মানে প্রধানমন্ত্রীর সৌজন্য সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হবে। প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ সম্মেলনকে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।