একদিনের সরকারি সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে তাকে বহনকারী ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী সরাসরি রওনা হন হযরত শাহ জালাল (র.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে। সেখানে মাজার জিয়ারত শেষে তিনি যান খাদিম নগরে অবস্থিত হযরত শাহ পরাণ (র.) মাজার-এ।
প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরের অংশ হিসেবে সকাল ১১টায় নগরের চাঁদনী ঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর দুপুর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করবেন তিনি।
সার্কিট হাউজে জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জেলা পর্যায়ে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এই কর্মসূচি চালু করা হচ্ছে।
বিকাল ৫টায় শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম সিলেট সফর বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।