জাতীয় সংসদের দর্শক গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহীদদের নামে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান–এর পরামর্শে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
একইসঙ্গে সংসদ ভবনের প্রধান প্রবেশ ফটকের নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর নামে। এর ফলে জাতীয় সংসদ ভবনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের স্মরণে নতুন পরিচয় পেল।
সংসদের গ্যালারিগুলো সাধারণত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে, যেখানে অনুমতি সাপেক্ষে শিক্ষার্থীরাও সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারেন। এতদিন এসব গ্যালারির নাম ফুল ও নদীর নামে থাকলেও নতুন সিদ্ধান্তে তা ইতিহাসভিত্তিক নামকরণে পরিবর্তিত হয়েছে।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, এই উদ্যোগটি প্রধানমন্ত্রীর পরিকল্পনার অংশ। তিনি বলেন, যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, তাদের সম্মান জানানো জাতীয় দায়িত্ব। সংসদ ভবন স্বাধীনতার প্রতীক হওয়ায় এখানে বীরশ্রেষ্ঠদের নাম সংযোজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, এই নামকরণ শুধু স্মৃতিচারণ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হিসেবে কাজ করবে। এটি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে আরও জীবন্ত করে তুলবে।
বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।