সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ছয়জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিন থেকে এ তথ্য জানা যায়। সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রী হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মো. আব্দুল হাই (৬১) এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। তাদের মধ্যে আব্দুল হাই মদিনায় এবং আবদুল্লাহ আল মামুন মক্কায় মৃত্যুবরণ করেন।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দুই হজযাত্রীই স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেছেন। এর আগে গত ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) সৌদি আরবে মারা যান। এ পর্যন্ত মৃত্যুবরণকারী ছয়জনই পুরুষ এবং তাদের মধ্যে পাঁচজন মদিনায় ও একজন মক্কায় মৃত্যুবরণ করেছেন।
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৯২টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৩ হাজার ৭১২ জন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রী পরিবহনের ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ হবে ৩০ জুন।