মোটরসাইকেল মালিকদের জন্য জ্বালানি সংগ্রহ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও আধুনিক করতে সরকারের চালু করা ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলটিং কার্যক্রমের পরিধি সম্প্রসারণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে ঢাকা ও ঢাকা মেট্রোসহ দেশের মোট ১২টি জেলার মোটরসাইকেল মালিকরা এই অ্যাপে নিবন্ধন করতে পারবেন।
পাইলটিং কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত জেলাগুলো হলো—ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ। এসব এলাকায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন সরকারিভাবে ‘ফুয়েল পাস বিডি’ সিস্টেমে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকায় কার্যক্রম আরও জোরদার করতে আজ থেকে ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। আগে সীমিত সংখ্যক ফিলিং স্টেশনে চালু থাকলেও এখন গ্রাহকদের জন্য সেবা আরও সহজলভ্য করা হয়েছে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, অ্যাপটির মাধ্যমে জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে সুশৃঙ্খল ও ডিজিটাল তদারকির আওতায় আনা হবে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে গ্রাহকদের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে এই সিস্টেম চালু করেছে।
গত ৯ এপ্রিল পরীক্ষামূলকভাবে শুধু মোটরসাইকেল মালিকদের জন্য এই কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্টরা জানান, পাইলট প্রকল্প সফলভাবে এগোচ্ছে এবং পর্যায়ক্রমে দেশের সব ধরনের যানবাহন এই অ্যাপের আওতায় আনা হবে।