সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে সচিবালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছে সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখেন।
সচিবালয়ে প্রবেশের পর প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে না গিয়ে হঠাৎ পরিদর্শনে বের হন। প্রথমে তিনি সচিবালয়ের ৬ নম্বর ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি অফিস কার্যক্রম ও উপস্থিতি পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরে একই ভবনের বিভিন্ন তলায় অবস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়ও করেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘুরে দেখেন। সব মিলিয়ে সচিবালয়ের অন্তত আটটি মন্ত্রণালয়ে আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে ফিরে যান।
সরকারি কাজে শৃঙ্খলা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতেই এই পরিদর্শন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে সকালে কৃষক কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।