দেশের সার্বিক উন্নয়নে কৃষকদের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে ‘কৃষক কার্ড’ নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাই প্রকৃত কৃষকদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষকেরা যেন সার, বীজ, কীটনাশক ও আর্থিক সহায়তা সরাসরি পেতে পারেন, সেটিই সরকারের লক্ষ্য।
পবিত্র শবে কদরের ছুটির দিনেও সকাল ১১টার দিকে সচিবালয়ে গিয়ে তিনি এই সভায় অংশ নেন। সভায় কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী আমিন-উর-রশীদ ইয়াসিন, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিন সচিবালয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম জানান, প্রধানমন্ত্রী ঢাকাকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নির্দেশনা দিয়েছেন।