দেশে জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা বিষয়ক এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে কার্যকর জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচনে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে জাকাত বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত কমিটিতে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ-এর নেতৃত্বে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, আস সুন্নাহ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং শীর্ষস্থানীয় কয়েকজন ইসলামী অর্থনীতিবিদ ও বিশিষ্ট আলেম-ওলামাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, পূর্ণাঙ্গ কমিটিতে কারা থাকবেন সে বিষয়ে আগামী দশ দিনের মধ্যে নাম প্রস্তাব করবে ধর্ম মন্ত্রণালয়। পরে জাকাত ব্যবস্থাপনা ও জাকাত বোর্ড পুনর্গঠনের বিষয়ে এই কমিটি তাদের সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবে।
এর আগে গত শনিবার (৭ মার্চ) আলেম-ওলামা ও এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সুষ্ঠু ও পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনা চালু করা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য বিমোচনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সেই বক্তব্যের ধারাবাহিকতায় আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।