
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৩

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত স্পষ্টভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবসমূহের পক্ষে রায় দিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, এই গণরায় থেকে পরিষ্কার যে দেশের বৃহদাংশ নাগরিক আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চান না। জনগণ পরিবর্তন ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার চায়।
তিনি প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের উদ্ধৃতি তুলে ধরে বলেন, জাতীয় রূপান্তর কখনো একক সিদ্ধান্ত বা একক শাসনের মাধ্যমে টেকসই হতে পারে না। জনগণই রাষ্ট্রের প্রকৃত শক্তি।
তিনি বলেন, পরিবর্তনের বৈধতা আসে জনগণের সম্মতি থেকে। তাই দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়াই গণতান্ত্রিক পথের মূল ভিত্তি।

গণভোটের প্রসঙ্গে তিনি জানান, জনগণের মতামত সরাসরি জানার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছিল এবং জনগণ সংস্কারের পক্ষে সাড়া দিয়েছেন।
আলী রীয়াজ আরও বলেন, জনগণের এই রায়কে শুধু সংখ্যার বিচারে দেখা যাবে না। এটি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন ও সংগ্রাম করেছেন তাদের ওপর অর্পিত দায়িত্বের স্বীকৃতি।
তিনি বলেন, দীর্ঘ সময়ের নির্যাতন, রক্তপাত ও অশ্রুধারার পুনরাবৃত্তি যেন আর না ঘটে, সে জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের জনমতই এই গণভোটে প্রকাশ পেয়েছে।
শেষে তিনি বলেন, সংস্কারের পক্ষে যে সুস্পষ্ট জনরায় এসেছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। সকল দলকে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এই গণরায় বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।