
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর দেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বেলা সাড়ে তিনটার পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে অনুষ্ঠিত নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, এবার দেশ গড়ার পালা। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, আর বিভাজন দুর্বলতা। তাই সবাইকে একসঙ্গে থাকতে হবে এবং দেশ গঠনে অবদান রাখতে হবে।
বিজয়ের পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে বিভিন্ন দেশের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

তারেক রহমান জানান, বিজয় শান্তিপূর্ণভাবে উদযাপন করা হয়েছে। কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে জন্য তিনি দল ও জোটের নেতাকর্মীদের আনন্দ মিছিল না করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, বিজয়ের শুকরিয়া আদায় করতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান।
বক্তব্য শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।