
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯

আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সবার শপথ গ্রহণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার জন্য সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।
তিনি জানান, শপথ অনুষ্ঠান ১৬ অথবা ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে। এর বেশি সময় লাগার সম্ভাবনা নেই বলেও তিনি উল্লেখ করেন।

শফিকুল আলম বলেন, নির্বাচন পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম দ্রুত শেষ করার লক্ষ্যেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলো শপথ গ্রহণের আয়োজন ও প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছে।
ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুততার সঙ্গে সব কার্যক্রম শেষ করা হবে।
সরকারি সূত্র জানিয়েছে, শপথ গ্রহণ সম্পন্ন হলে নির্বাচিত প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং পরবর্তী কার্যক্রম শুরু হবে।