
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৪, ১৮:২

যশোর শহরে দুই দিনের সফরে এসে সাধারণ মানুষের সঙ্গে সরল আড্ডায় অংশ নিলেন অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। শুক্রবার রাতে দড়াটানা ও ধর্মতলা এলাকাসহ শহরের বিভিন্ন স্থান ঘুরে জনসাধারণের সঙ্গে পিঠা খাওয়া ও চা পানের মুহূর্তগুলো মন কেড়েছে সবার।
সাধারণ বেশে প্রটোকল ছাড়াই ঘুরে বেড়ানো উপদেষ্টাকে দেখে মানুষ ভীষণ খুশি হয়। স্থানীয় দোকানে বসে পিঠাপুলি খাওয়ার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তার প্রতি মানুষের ভালোবাসা ও প্রশংসা বেড়ে গেছে।
শুক্রবার সকালে যশোর পৌঁছে সাখাওয়াত হোসেন প্রথমে বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন। বিকেলে যশোর সার্কিট হাউসে বিশ্রামের পর তিনি শহরের ঐতিহ্যবাহী স্থানগুলো দেখতে বের হন। তিনি কালেক্টরেট ভবন ও পার্কে ঘুরে কলেজ শিক্ষার্থীদের পরিচালিত একটি পিঠার দোকানে যান। সেখানে দেশীয় পিঠার স্বাদ নিতে নিতে শৈশবের স্মৃতি ভাগ করেন।
সাখাওয়াত হোসেন বলেন, যশোরের অনেক জায়গার স্মৃতি তার মনের গভীরে রয়ে গেছে। তবে শহরকে আরও সুপরিকল্পিতভাবে সাজানোর প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি। এ সময় তিনি স্থানীয় প্রশাসনের প্রতি উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

পরে তিনি ধর্মতলায় স্থানীয়ভাবে জনপ্রিয় গরুর দুধের চা পান করেন এবং সেখানেও সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন। তার এমন উষ্ণ অভ্যন্তরীণ আচরণ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে।
স্থানীয় সাংবাদিক মনিরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের সঙ্গে উপদেষ্টার এমন আড্ডা বিরল। তিনি যশোরের ঐতিহ্য এবং কর্মসংস্থান নিয়ে জনসাধারণের মতামত গুরুত্বের সঙ্গে শুনেছেন।
যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন জানান, জনতার সঙ্গে মিশে যাওয়ার এই অভিজ্ঞতা নেতৃত্বের নতুন সংজ্ঞা দেয়। নেতৃত্ব ক্ষমতা নয়, দায়িত্ব। আর সেই দায়িত্ব জনতার কাছে থেকেই পালন করতে হয়।
শনিবার উপদেষ্টা সাখাওয়াত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শনে যাবেন। সফর শেষে তিনি রোববার ঢাকায় ফিরবেন।