
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৪, ০:১০

বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। পতাকা অবমাননা, অতিরঞ্জিত সংবাদ প্রকাশ, এবং ত্রিপুরায় সহকারী হাইকমিশনে হামলার মতো ঘটনায় উভয় দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। এরই মধ্যে বাংলাদেশ সরকার কলকাতা ডেপুটি হাইকমিশনে ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম সীমিত করার নির্দেশ দিয়েছে।
সূত্র জানায়, আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠিতে কলকাতা ডেপুটি হাইকমিশনকে ভিসা কার্যক্রম কমানোর নির্দেশ দেয়া হয়। শুক্রবার থেকে এই নির্দেশ কার্যকর হয়। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এমন কঠোর অবস্থান গ্রহণ করলো।
ত্রিপুরার বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনার পরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সেই ঘটনার পর ত্রিপুরার হাইকমিশনে সকল কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কলকাতা এবং ত্রিপুরার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দিল্লি এবং আসামের মিশনেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে।

গত ৪ ডিসেম্বর ত্রিপুরা এবং কলকাতার দুই শীর্ষ কূটনীতিককে ঢাকায় ফেরার নির্দেশ দেয়া হয়। তারা পরদিন ঢাকায় পৌঁছে মন্ত্রণালয়ে যোগ দেন।
এদিকে ত্রিপুরার হামলার ঘটনার পর ভারত হামলার দুঃখ প্রকাশ করে এবং জড়িত সাতজনকে গ্রেপ্তার করে। বরখাস্ত করা হয়েছে তিন পুলিশ সদস্যকে। তবে বাংলাদেশ সরকার এই পদক্ষেপকে পর্যাপ্ত মনে না করে আরও শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে।
পরিস্থিতি সামাল দিতে দুই দেশের মধ্যে দ্রুত কূটনৈতিক সংলাপ হওয়া জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করছেন।