
প্রকাশ: ২ নভেম্বর ২০২৪, ১৮:২৮

নেপালে দক্ষিণ এশিয়ার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে বাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করা সাফ চ্যাম্পিয়ন দলটি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ২৩ সদস্যের নারী দলের পক্ষ থেকে অধিনায়ক সাবিনা খাতুন প্রধান উপদেষ্টাকে অটোগ্রাফ সংবলিত একটি জার্সি উপহার দেন। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন অনুষ্ঠিত হয়।
সাবিনা ও তার সতীর্থদের সঙ্গে সংবর্ধনায় যোগ দেন দলের প্রধান কোচ পিটার বাটলার এবং ম্যানেজার মাহমুদা অনন্যা। উল্লেখ্য, এই সংবর্ধনায় কোনো বাফুফে কর্মকর্তাদের উপস্থিতি ছিল না।

বাংলাদেশ নারী ফুটবল দল গত বুধবার নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট অর্জন করে। বৃহস্পতিবার দেশে ফেরার সময় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে আসা হয় তাদের। সেখানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফুটবলারদের ফুল দিয়ে বরণ করেন এবং এক কোটি টাকার পুরস্কার তুলে দেন।

এই সংবর্ধনা নারী ফুটবলারদের জন্য একটি গৌরবময় মুহূর্ত, যা তাদের কঠোর পরিশ্রমের ফলস্বরূপ এসেছে। প্রধান উপদেষ্টার প্রতি তাদের কৃতজ্ঞতা ও সমর্থনের প্রতীক হিসেবে এই আয়োজন করা হয়।