
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ২:১৯

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের (কেবিনেট) বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, "গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে পরিণত করা হবে। এটি যেমন ছিল তেমন রেখে স্মৃতি জাদুঘর করা হবে।" তিনি আরও জানান, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে গণভবনকে স্মৃতি জাদুঘর করা হবে, যেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে।
এছাড়া, গার্মেন্টস শ্রমিক অসন্তোষ মোকাবিলার জন্য একটি রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটি গার্মেন্টস শ্রমিকদের স্বল্পমেয়াদি দাবিগুলি পর্যালোচনা করবে এবং গার্মেন্টস মালিকদের প্রতিনিধিও এতে থাকবে।

এ সময় আসিফ মাহমুদ উল্লেখ করেন, "ফ্যাসীবাদী আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে দেওয়া হবে না। তাদের রাজনীতি করার অনুমতি দেওয়া হবে কি না, তা জনগণের সিদ্ধান্ত।"
উল্লেখ্য, শেখ হাসিনার বাসভবন গণভবন বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে শেরেবাংলা নগরে এই বাসভবনের নির্মাণকাজ শেষ করেন, তবে তিনি বাস করতেন ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে।