
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪০

দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠোর সমালোচনা করে কড়া হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর ইকোনমিক টাইমসের।
ড. ইউনূস বলেন, "শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে না চান, তবে তাকে ভারতে চুপ থাকতে হবে। তার বর্তমান অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্যবোধ করছে না, কারণ আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই। তিনি ভারতে বসে কথা বলছেন, নির্দেশনা দিচ্ছেন, যা আমাদের জন্য সমস্যার সৃষ্টি করছে। যদি তিনি চুপ থাকতেন, তাহলে আমরা এবং জনগণ তাকে ভুলে যেত।"
ড. ইউনূস আরও বলেন, "ভারতের উচিত শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়া, বিশেষত যদি তিনি সেখানে বসে বাংলাদেশবিরোধী প্রচার চালাতে থাকেন। এটি একটি অবন্ধুত্বপূর্ণ ইঙ্গিত। গণঅভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, এটি স্বাভাবিক পরিস্থিতি নয়।"

শেখ হাসিনার ১৩ আগস্টের বিবৃতির প্রেক্ষিতে তিনি বলেন, "বাংলাদেশের মানুষ তাকে (হাসিনা) ফেরত চায়। তিনি যেসব নৃশংসতা করেছেন, তার জন্য তাকে বাংলাদেশের আদালতে বিচার করতে হবে।"

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। প্রথমে অল্প সময়ের জন্য তার ভারতে থাকা আশা করা হলেও, এখন পর্যন্ত তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিতে ব্যর্থ হয়েছেন। ভারতে তার অব্যাহত অবস্থান দিল্লির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষত অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে।