
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০:২

সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ করা ১০ সচিবের নিয়োগের চুক্তি বাতিল করা হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এ চুক্তি বাতিলের তথ্য জানানো হয়।
চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া সচিবরা হলেন— কৃষি মন্ত্রণালয়ের সচিব বেগম ওয়াহিদা আক্তার, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ.বি.এম. আমিন উল্লাহ নুরী, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান পদে সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব আব্দুস সালাম, পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকার, বিজ্ঞান ও প্রযুক্তিসচিব আলী হোসেন, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য খাইরুল ইসলাম।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।এর আগে, গতকাল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, পর্যায়ক্রমে প্রশাসনের সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হবে।
গত ৫ আগস্ট শিক্ষার্থীদের অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৭ আগস্ট আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করা হয়। একই দিনে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়ার চুক্তি বাতিল করা হয়েছিল।