
প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ৩:১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তারা মারা যান। এ নিয়ে সরকারি হিসাবে এবছর ডেঙ্গুতে মৃত্যু হলো ১০৬ জনের। রবিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৪২৪ জন। তাদের মধ্যে ৭৪১ জন ঢাকার এবং ঢাকার বাইরের ৬৮৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৯৫৫ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৩ হাজার ১৫৪ জন। আর বাকি ১ হাজার ৮০১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৮৭৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৫ হাজার ৮১৭ জন।
এদিকে ‘পাবলিক হেলথ ইমারজেন্সি’ ঘোষণা করার মতো অবস্থা এখনও আসেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার (১৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

তিনি বলেন, ‘পাবলিক হেলথ ইমারজেন্সি’ ঘোষণা করার মতো অবস্থায় এখনও পর্যন্ত আমরা যাইনি বলে মনে করি। যদি প্রয়োজন হয়… এর আগেও আপনারা দেখেছেন, করোনা পরিস্থিতি দেশে যখন ছিল, তখন সেটা করা হয়েছিল।
এবারও হয়তো নিশ্চয়ই সেটা করা হবে, তবে এটি করার জন্য পলিসি লেভেলে কথা হতে হবে। তিনি বলেন, ‘আমরা আমাদের কনসার্নের বিষয়ে জানিয়েছি, যারা সুপারিশ করেছেন, তাদের কথাও আমরা আমলে নিচ্ছি।’
ডা. খুরশীদ আলম বলেন, ঢাকায় সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী ভর্তি মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপরে আছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল।
‘দেশে উদ্বেগজনক হারে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে’ জানিয়ে স্বাস্থ্যের ডিজি বলেন, আমরা চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। কিন্তু সংক্রমণ বাড়তে থাকলে আমরাও সংকটে পড়ে যাবো। তবে ডেঙ্গুরোগীদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত আমাদের কোনো সংকট নেই।