
প্রকাশ: ২ মার্চ ২০২২, ১:৩

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পুলিশের উপস্থিতিতে রাজধানীর দুই সিটি করপোরেশন এবং শহরে ট্রাকে পণ্য বিক্রি করবে।
রমজান শুরুর আগে ও রমজান মাসে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা, পেঁয়াজ ও খেজুর সাশ্রয়ী মূল্যে টিসিবি বিক্রি করবে।
সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় একটি নির্দেশনায় জানিয়েছে, ঢাকা ও বরিশাল শহরের বাইরে সব জায়গায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে। কোনাে কার্ড ছাড়াই ঢাকার দুই সিটি করপোরেশন ও বরিশাল সিটি করপোরেশনের স্বল্প আয়ের ক্রেতারা এসব পণ্য কিনতে পারবেন। তবে পণ্য বিক্রির স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন।

এ ছাড়া সারা দেশের সব সিটি করপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবির পণ্য কিনতে ফ্যামিলি কার্ডের প্রয়োজন হবে।
প্রধানমন্ত্রী যে তালিকার ভিত্তিতে করোনাকালীন স্বল্প আয়ের মানুষের নগদ সহায়তা দিয়েছেন, সে তালিকার ভিত্তিতে এ কার্ড তৈরি করা হবে। তবে নতুন সুবিধাভোগীরাও এতে যুক্ত হবেন।
আসন্ন রমজান মাসে দেশের ১ কোটি দুস্থ পরিবারকে সাশ্রয়ী মূল্যে ৬টি নিত্যপ্রয়োজনীয় পণ্য দেবে সরকার। এর অংশ হিসেবে ১০ মার্চ থেকে তিনটি পণ্য–তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করবে টিসিবি। প্রথম রমজান থেকে ছোলা বিক্রি শুরু করবে সংস্থাটি। তবে তেল, চিনি, ডাল ও ছোলা সারা দেশে বিক্রি করলেও শুধু রাজধানীতে পেঁয়াজ ও খেজুর বিক্রি করা হবে।