
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২১, ২:৫৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিমাসে ১ কোটি ডোজের বেশি টিকা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত ১ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ জনকে প্রথম ডোজ ও ৭৮ লাখ ৪০ হাজার ১৬৯ জনকে দ্বিতীয় ডোজসহ ২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। মজুত আছে ১ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ৩৪৩ ডোজ। টিকা সংগ্রহ ও বিনামূল্যে প্রদানের কাজও চলমান রয়েছে।

শেখ হাসিনা বলেন, প্রতিমাসে যেন ১ কোটি ডোজের বেশি টিকা পাওয়া যায় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। সিনোফার্ম থেকে পাওয়া শিডিউল অনুযায়ী অক্টোবর মাস থেকে প্রতিমাসে ২ কোটি হিসাবে ডিসেম্বরের মধ্যে ৬ কোটি টিকা পাওয়া যাবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
করোনার টিকা সংগ্রহে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, করোনার টিকা সংগ্রহে আমরা বিশ্বের সব উৎপাদনকারী সংস্থার সাথেই যোগাযোগ স্থাপন করেছি। এরমধ্যে কেবল ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সাড়া পাই ও অগ্রিম টাকা দিয়ে ৩ কোটি ডোজ টিকা সংগ্রহের চুক্তি করি। অন্যান্য উৎপাদনকারী সংস্থা থেকে টিকা পাওয়ার কোনও সাড়া পাওয়া যায়নি। পরে কেবল চীনের সিনোফার্ম এবং রাশিয়ার স্পুটনিক-ভি থেকে সাড়া পাওয়ার সাথে সাথে উদ্যোগ গ্রহণ করি। এরমধ্যে সিনোফার্মের সাথে চুক্তি হয়েছে একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদনে সমঝোতা চুক্তিও হয়েছে।
তিনি আরও বলেন, চলমান টিকা কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকল বিভাগীয় সদর, জেলা সদর এবং উপজেলা সদরে অবস্থিত ৬৭৩টি টিকা কেন্দ্রের মাধ্যমে জনগণকে টিকা প্রদান করা হচ্ছে। টিকা প্রদান কেন্দ্র ইউনিয়ন পর্যায়ে বিস্তৃত করা হয়েছে। টিকা প্রদানে প্রয়োজনীয় জনবলকে ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গত ৭ আগস্ট টিকা ক্যাম্পেইন চলাকালে একদিনে ৩০ লাখ ৯১ হাজার ৬৩২ ডোজ টিকা প্রদান করা হয়েছে।