
প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ৩:১৪

নওগাঁয় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলায় নওগাঁ জেলা বিএনপির সদস্য মোফাখারুল ইসলাম (তারা), জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ নামের চার নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১৬ আগষ্ট) দুপুরে নওগাঁর ১ নং আমলী আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক তাজুল ইসলাম নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে নওগাঁ জেলা যুবদলের সভাপতি বাঈজিদ হোসেন পলাশ ও সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আহম্মেদ ও জেলা বিএনপির সদস্য মোফাখারুল ইসলাম তারাকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘিœত করায় সন্ত্রাসবিরোধী আইনে গত (৩০ মার্চ) নওগাঁ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে এ মামলা করেন। পৃথক দুই মামলায় ৫৭ জন করে একই ব্যক্তিসহ অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে।