
প্রকাশ: ৫ অক্টোবর ২০১৯, ১৮:২২

প্রায় দু’দশক পর আবারও সেনা অভ্যুত্থানের গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তানে। খাকি উর্দির ক্ষমতা দখলের আলামতও ভেসে উঠছে স্পষ্ট।দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বুধবার রাতে প্রধানমন্ত্রী ইমরান খানকে অবহিত না করেই শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেছেন। এক্ষেত্রে নিজের কার্যপরিধি, গণতান্ত্রিক সীমাবদ্ধতা, সরকারি প্রটোকল কিছুই তোয়াক্কা করেননি বাজওয়া। পরদিন ওই বৈঠকের খবর ফাঁস হওয়ায় সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিবৃতি দিয়ে ঘটনার সত্যতা স্বীকার করেছে।
কিন্তু রাতের এ বৈঠক সম্পর্কে আগে অবহিত ছিলেন না প্রধানমন্ত্রী ইমরান। পরের দিন বিবৃতি দিয়ে আইএসপিআর জানায়, ‘পাকিস্তানের শীর্ষ শিল্পপতিদের সঙ্গে অর্থনীতি ও নিরাপত্তার পারস্পরিক ক্রিয়া’ শীর্ষক এক বৈঠকে বসেন সেনাপ্রধান বাজওয়া। কিভাবে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা যায় এবং কিভাবে বৈদেশিক বিনিয়োগ বাড়ানো যায়- এসব বিষয়ে আলোচনা করেছেন তিনি।’ ‘অর্থনীতি ও নিরাপত্তা একই সুতোয় গাঁথা’ সুর তুলে সরকারকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করে আইএসপিআর। পরদিন বৃহস্পতিবারই শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসেন ইমরান খান। সেখানে তিনিও ব্যবসায়িক নেতাদের সব ধরনের সুযোগ-সুবিধা বাড়ানো এবং এনএবি’র হয়রানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি সেনা উর্দির ছায়ায় দেশ চালানো ‘পুতুল প্রধানমন্ত্রী’র ভূমিকাও পালন করেছেন নিপুণ কৌশলে। সেনাপ্রধানের বৈঠকের বিষয়ে ইমরান খান বলেন, ‘সেনাবাহিনী ও সরকার একসঙ্গে দেশের অর্থনীতিকে উন্নতির শিখরে নিয়ে যেতে কাজ করবে।’

ইনিউজ৭১/জিয়া