জর্ডানে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন বিমানঘাঁটিতে রাতভর ইরানি হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিবিএস নিউজের সাংবাদিক জেনিফার জেকবস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, জর্ডানের ‘মুওয়াফফাক সালতি’ বা ‘আল-আজরাক’ বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। হামলায় ‘ওয়ারথগ’ নামে পরিচিত যুক্তরাষ্ট্রের এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান সরাসরি আঘাতপ্রাপ্ত হয়। এতে বিমানটির একটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঘাঁটিতে থাকা অন্তত আটটি এফ-১৫ যুদ্ধবিমানও সামান্য ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত মেরামতের পর এফ-১৫ বিমানগুলোকে আবার ব্যবহারের উপযোগী করা হয়েছে।
হামলা প্রতিহত করতে জর্ডানে মোতায়েন মার্কিন বাহিনী ৩০টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানান জেনিফার জেকবস।
এর আগে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি তেল ট্যাংকারে হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবেই তেহরান এই হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা দাবি করেছে, মার্কিন বিমানঘাঁটির পাশাপাশি আটটি তেল ট্যাংকার ও দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা যায়, আইআরজিসি এই অভিযানকে ‘শাস্তিমূলক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে। আল-আজরাক ঘাঁটিতে ভারী ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছে তারা। পাশাপাশি হরমুজ প্রণালিতে অবরোধ জোরদার করে ১২টির বেশি জাহাজে হামলার দাবি করেছে তেহরান।
তবে জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ১৮টিই ধ্বংস করেছে। বাকি দুটি জনমানবহীন এলাকায় আঘাত হানে।