আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের নতুন বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান সরকার। বুধবার (১০ জুন) এ তথ্য নিশ্চিত করা হয়।
তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, পাকিস্তানের বিমান হামলাগুলো আফগানিস্তানের খোস্ত, কুনার এবং পাক্তিকা প্রদেশকে লক্ষ্য করে চালানো হয়েছে। হামলায় নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ রয়েছেন।
আফগান কর্তৃপক্ষ এই হামলাকে বেসামরিক জনগণের ওপর ভয়াবহ আঘাত হিসেবে বর্ণনা করেছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আফগান সরকারের দাবি অনুযায়ী, সীমান্ত এলাকায় এই হামলা চলমান উত্তেজনাকে আরও তীব্র করেছে। গত কয়েক মাস ধরে আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যে কয়েকশ মানুষের প্রাণহানি ঘটেছে।
এ ঘটনার এক দিন আগে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাসান খেল এলাকায় একটি নিরাপত্তা চৌকিতে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় উত্তেজনা আরও বাড়ে। ওই হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও হতাহত হন।
আফগানিস্তান বলছে, বেসামরিক স্থাপনা ও জনবসতিকে লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের শামিল। অন্যদিকে পাকিস্তান দাবি করে, সীমান্ত নিরাপত্তা ও জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবেই অভিযান পরিচালনা করা হচ্ছে।